আরডুইনো সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা

২৮ মার্চ, ২০২১ ১৯:৫৯  
আরডুইনোর জন্মদিনে তিনদিন ধরে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে বেশ কিছু ওয়েবিনার, কুইজ, প্রোজেক্ট প্রদর্শনী, রিসোর্স লেখা, অনলাইন ক্লাস। অনুষ্ঠানের শেষ দিন রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ঘোষণার আগে উপস্থাপন করা হয় উল্লেখযোগ্য কিছু আরডুইনো অনলাইন প্রোজেক্ট। তারপর একে একে বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন মিশাল ইসলাম। প্রতিযোগিতায় অনলাইন প্রজেক্ট প্রদর্শনীতে বিজয়ী হয়েছেন সাবিত শাহরিয়ার, মৃদুল হাসান এবং আরিয়ান কামাল আভীভ। আরডুইনো অনলাইন কুইজে বিজয়ী হন ওমর করিম এবং জাবের মাহমুদ। এছাড়াও আরডুইনো রিসোর্স প্রতিযোগিতায় ফারায়েজ ফারুকি হাকিম এবং ইভা নেওয়াজ বিজয়ী হয়েছেন। অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের একাডেমি সদস্য মনিরুজ্জামান আকাশ এবং ফজলে এলাহী তন্ময়। অনুষ্ঠানে সহযোগিতা করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং মাকসুদুল আলম বিজ্ঞানাগার।